বৃষ্টির প্রভাব কাটিয়ে রাজধানীর সবজির বাজারে স্বস্তি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

রাজধানীর সবজির বাজারে দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। বৃষ্টির প্রভাব কাটতে শুরু করায় প্রায় চার মাস ধরে ঊর্ধ্বমুখী দামের সবজি গত দুই সপ্তাহ ধরে কিছুটা নিম্নমুখী হয়েছে। শীতকালীন নতুন সবজি বাজারে ওঠায় ক্রেতারা স্বস্তি অনুভব করছেন।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়, আলু ৩০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৮০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা। নতুন করে উঠতে শুরু করেছে শালগম, যার দাম প্রতি কেজি ১০০ টাকা। তবে কাঁচা মরিচ ১৬০ টাকা এবং টমেটো ১২০ টাকায় বিক্রি হওয়ায় ক্রেতাদের ভোগান্তি রয়ে গেছে।

ক্রেতারা বলছেন, আগের কয়েক মাসের তুলনায় দাম কিছুটা কমলেও বর্তমান দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে বাজারের বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সপ্তাহের তুলনায় আবার কিছু সবজির দাম বেড়েছে। তবে শীত পুরোপুরি নামলে সরবরাহ বাড়বে এবং বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।