দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হলে কিছু দূর যেতে না যেতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের থামিয়ে দেয়।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘সহকারী শিক্ষকদের বেতনগ্রেড উন্নীতকরণে সচিব ও উপদেষ্টারা এখনও প্রজ্ঞাপনে স্বাক্ষর দিচ্ছেন না। তাই আমরা প্রতীকী কলম সমর্পণ করতে চাই।’ তিনি দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শিক্ষকরা জানিয়েছেন, বিভিন্ন দপ্তরের সমমানের ডিগ্রিধারীরা দশম গ্রেড পেলেও তারা সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্সসহ স্নাতক ডিগ্রি নিয়েও ১৩তম গ্রেডে রয়েছেন। তাই তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন।
তাদের তিন দফা দাবি হলো—
১) সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণ,
২) চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন,
৩) শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি এবং সহকারী শিক্ষক আছেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার। সম্প্রতি সরকার প্রধান ও সহকারী শিক্ষকদের বেতনগ্রেড উন্নয়নের উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষকরা।
আপনার মতামত লিখুন :