তারেক রহমান

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে গঠিত জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’-এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট।

তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, পতিত অপশক্তি এখন ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করে আবারও গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা তৈরির চেষ্টা করতে পারে। তাই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি।

বিএনপি “সহনশীল ও গণমুখী” রাজনীতির চর্চা করে উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন মত ও দলকে সম্মানের সঙ্গে স্বীকৃতি দেয়া বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই দলের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য দেন।