বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নিন্দাসূচক বিবৃতি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

রাজধানীসহ সারাদেশের সড়ক ও বিভিন্ন স্থাপনায় বোমা হামলা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জরুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। মালিক সমিতির পক্ষে সহ-সভাপতি রেজাউর রহমান তপন গতকাল সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন।

বিবৃতিতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের পলাতক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে অগ্নি সন্ত্রাসের জন্য সরাসরি দায়ী করা হয়। দেশকে অস্থিতিশীল করার প্রয়াস ও রাজনৈতিক কর্মসূচীর নামে ধংসাত্বক কর্মকান্ড পরিচালনার জন্য সুস্পষ্টভাবে নিষিদ্ধ দলটিকে দায়ী করে তীব্র নিন্দা জানানো হয়। এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ এবং ভাংচুর সহ নানাবিধ ক্ষতি সাধন হচ্ছে। এতে সাধারণ মানুষের প্রচণ্ড দুর্ভোগ বাড়ছে।

জন দুর্ভোগকে সামনে রেখে সরকার ও প্রশাসনের কাছে সমিতির নেতৃবৃন্দ সড়কে সকল প্রকার অপরাজনীতি বন্ধ এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের অপরাজনীতির ফলে পরিবহনের ক্ষতিসাধন এবং সংগঠিত ঘটনাস্থলে সম্মিলিত প্রতিরোধ কর্মসূচির আহ্বান জানান নেতৃবৃন্দ। এজন্য সন্ত্রাসী সংগঠনের নেতা কর্মীদের আইনের আওতায় আনার ওপর জোর দেয়া হয়। বিবৃতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সাক্ষর করেন সোহরাব হোসেন, আসলাম চৌধুরী, আরিফুল ইসলাম, রাসেল চৌধুরী, আজমীর হোসেন, জহুরুল ইসলাম, শামিম হোসেন, শিবলী চৌধুরী, আবু প্রমুখ।
নেতৃবৃন্দ আগামীকাল সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করেন এবং সরকার ও প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।