নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লেগে এটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা নাগাদ শিমরাইল এলাকায় সড়ক বিভাগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শাহীনুর আলম) জানান, শুক্রবার রাত ১০টার দিকে নাফ পরিবহনের মিনিবাসটি মহাসড়কের ওপর রেখে চালক চলে যান। বাসটি সারা রাত সেখানেই ছিল। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের সব সিট, কাঁচ ও অন্যান্য সরঞ্জাম পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
ওসি শাহীনুর আলম আরও বলেন, ‘অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটিজনিত—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।’
আপনার মতামত লিখুন :