প্রধান উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে দেশের সেনাবাহিনীর সহায়তা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ উৎসব হিসেবে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল; তাই তাদের ভূমিকার আমি ভূয়সী প্রশংসা করি।”

এ বছর কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশ থেকে ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেছেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন, এমন প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।