দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি দর্শনার্থী বুকে মন্তব্য লেখেন এবং প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন—যা দুই দেশের বন্ধুত্বের প্রতীকী ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।
সংক্ষিপ্ত বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী আগের দিনের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন।
অভ্যর্থনা শেষে তোবগের উদ্দেশে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক নির্ধারিত রয়েছে। বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে তার সঙ্গে একান্ত বৈঠক করবেন ড. ইউনূস।
সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন রয়েছে।
আপনার মতামত লিখুন :