প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

বাংলাদেশ ও ভুটান শনিবার দুইটি সমঝোতা স্মারকে সই করেছে—একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য নিয়ে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতের সমঝোতা সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। টেলিযোগাযোগ খাতের সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

সই অনুষ্ঠানের আগে তেজগাঁও কার্যালয়ে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়, পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শেরিং তোবগে শনিবার সকালে ঢাকায় পৌঁছান। ড্রুকএয়ারের ফ্লাইটে তার আগমনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস।