গুলশানের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত তারেক রহমানের ফেরার অপেক্ষায়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে গুলশান-২–এর ১৯৬ নম্বর বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তাজনিত কারণে এখনো তার আগমনের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা না হলেও, বিজয় দিবসের আগেই ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

দলটির একটি প্রতিনিধিদল সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে। তারেক রহমান দেশে ফিরলে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হবে, সে বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

সূত্র জানায়, ১৯৬ নম্বর বাড়িতে তার থাকার জন্য নতুন করে সিসিটিভি বসানো হয়েছে। সম্প্রতি অন্তবর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট নথি খালেদা জিয়ার হাতে বুঝিয়ে দিয়েছে। পাশের ‘ফিরোজা’ ভবনেই বসবাস করেন খালেদা জিয়া।

চেয়ারপারসনের গুলশান কার্যালয়কেই তারেক রহমানের অফিস হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তার নিরাপত্তায় সিএসএফ মোতায়েন থাকবে। এ ছাড়া নির্বাচনী প্রচারণার আগে দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদনও পেয়েছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, “তার ফেরার তারিখ ঠিক হয়নি; তবে নির্বাচন তার নেতৃত্বেই হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রয়োজন হলে তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস প্রদান করবে সরকার।

১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর সেখান থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তার সব মামলায় অব্যাহতি মেলে।