রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকারে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার সন্ধ্যায় লকার দুটি খোলার পর মোট ৮৩২ ভরি স্বর্ণ এবং কয়েকটি মূল্যবান সম্পদ পাওয়া যায় বলে নিশ্চিত করেছে এনবিআর।
অন্তর্বর্তী সরকারের নির্দেশে দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে লকারগুলো জব্দ করা হয়। সিআইসির তথ্যমতে, ৭০১ নম্বর লকারে পাওয়া গেছে প্রায় ৪,৯২৩ গ্রাম স্বর্ণ এবং ৭৫৩ নম্বর লকারে ৪,৭৮৩ গ্রাম স্বর্ণ—মোট ৯,৭০৭ গ্রাম, যা প্রায় ৮৩৩ ভরি।
একই দিনে পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরেকটি লকার খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়। আদালত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও পরিবারের আর্থিক লেনদেন ও সম্পদের উপর বিশেষ নজরদারি শুরু করে।
আপনার মতামত লিখুন :