ইসি সচিব আখতার আহমেদ: তারেক রহমান ভোটার নন, আবেদন করলে ভোট দিতে পারবেন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের কোনো ভোটার তালিকায় নাম তুলেননি। তবে আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে তিনি ভোট দিতে পারবেন; একইভাবে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও থাকবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সচিব এ তথ্য দেন। তিনি বলেন, “আমার জানা মতে, তিনি (তারেক রহমান) এখনো ভোটার নন। তবে কমিশন চাইলে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনি ভোটও দিতে পারেন, নির্বাচনে অংশও নিতে পারেন।”

কোন আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্নে সচিব ভোটার তালিকা নিবন্ধন আইন পর্যালোচনা করার পরামর্শ দেন। তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ধারা মনে নেই।

দেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন তারেক রহমানের অংশগ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়ে ইসি সচিবের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।