বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। এর ফলে তার বিদেশযাত্রা অন্তত এক দিন পিছিয়ে গেল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যদি আর কোনো জটিলতা না ঘটে, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৭ তারিখে যাত্রা সম্ভব হতে পারে।”
খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়। একই সময়ে তার বড় ছেলের স্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়াকে বিমানে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চ্যুয়ালি একাধিক বৈঠক হয়েছে। তার দীর্ঘদিনের হৃদরোগ, ডায়াবেটিস ও লিভার সিরোসিস পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
শেখ হাসিনা সরকারের সময় বিএনপি বারবার খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার অনুমতি চাইলেও তা মঞ্জুর হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তার বিদেশ যাত্রার প্রক্রিয়া সামনে এগোয়।
আপনার মতামত লিখুন :