বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত লন্ডন যাত্রা আবারও স্থগিত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থার অস্থিরতা—উভয় কারণেই এই বিলম্ব তৃতীয়বারের মতো ঘটল।
চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, নতুন কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিনই তাঁকে নেওয়া হতে পারে।
বিএনপির চিকিৎসক দলের এক সদস্য বলেন, খালেদা জিয়ার অবস্থা কয়েক দিন ধরে প্রায় একই রয়েছে। বিমানযাত্রার মতো চাপ সহ্য করার মতো অবস্থায় আছেন কি না—এটিও বিবেচনা করতে হচ্ছে। দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। পরে সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয় এবং ১০ ডিসেম্বর সকালেই লন্ডনের উদ্দেশে রওনার সম্ভাবনা ধরা হয়েছিল।
এর আগে শুক্রবার সকালে কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সব ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে এবং রোববার যাত্রা সম্ভব হতে পারে—যদি তাঁর শারীরিক অবস্থা অনুমতি দেয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্লাইটের সময়সূচি নির্ভর করছে সম্পূর্ণভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
২৩ নভেম্বর রুটিন চেকআপের জন্য হাসপাতালে যাওয়ার পর সেদিনই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তাঁর অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত হন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ হৃদ্রোগ, কিডনি, ফুসফুস, চোখের জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগছেন।
আপনার মতামত লিখুন :