বেক্সিমকো গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে নতুন করে আইনি চাপ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, চেয়ারম্যান এ এস এফ (সোহেল) রহমানসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে ঢাকায়।
রোববার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট—ক্যাপ্টেন মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। অভিযোগে বলা হয়েছে, তাদের বকেয়া বেতন–ভাতা পরিশোধ না করে ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে বেক্সিমকো এভিয়েশনের কর্মকর্তা আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদকে। আদালত অভিযোগের তদন্তভার দিয়েছে সিআইডিকে।
পাইলটদের দাবি, ২০২১ সালে তারা বেক্সিমকো এভিয়েশনে যোগ দিলেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে কোনো পাওনা পরিশোধ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি কার্যত একটি “ভুয়া সত্তা”, যার মাধ্যমে পেশাগত সেবা নেওয়া হলেও আর্থিক স্বচ্ছতার কোনো ভিত্তি ছিল না।
শেয়ারবাজার কারসাজি থেকে ব্যাংক ঋণ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরেই সমালোচিত সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন; তার পরিবার–পরিজনদের কয়েকজন বিদেশে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।
নতুন এই মামলা বেক্সিমকো গ্রুপের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চলমান তদন্ত ও আইনি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :