ডিবি হেফাজতে প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেল চারটায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না—এ প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, “তার সঙ্গে কথা বলা হচ্ছে।”

পরবর্তীতে ডিবি জানায়, শওকত মাহমুদকে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় মার্কিন-বাংলাদেশি নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তদন্তকারীরা এই ঘটনায় শওকতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছেন।

সেপ্টেম্বরে মিন্টো রোড এলাকা থেকে এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোনে পাওয়া তথ্যেও বিদেশি গোয়েন্দা সংযোগের ইঙ্গিত রয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। চলতি বছর তিনি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হন।