ধেয়ে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

বাংলাদেশে শীতের প্রারম্ভে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, নাম ‘পরশ’। সোমবার অনলাইনে প্রকাশিত আপডেটে এ তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংগঠন বিডব্লিউওটি (বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম)।

সংগঠনের পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহটি সক্রিয় হতে পারে এবং এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়। এসব অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল, কুমিল্লা, নওগাঁ, গোপালগঞ্জ, রাজারহাট, যশোর ও চুয়াডাঙ্গাতেও তাপমাত্রা কমে এসেছে ১১–১৩ ডিগ্রির ঘরে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশজুড়ে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা এখন আরও বেশি। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলেই শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়—৮ থেকে ১০ ডিগ্রি হলে মৃদু, ৬–৮ ডিগ্রি মাঝারি, আর ৪ ডিগ্রির নিচে নামলে অতিতীব্র ধরা হয়।

আবহাওয়াবিদদের ধারণা, ডিসেম্বরেই এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর বেশিরভাগই হবে মৃদু থেকে মাঝারি মাত্রার।

দেশের উত্তরের দিকে শীত নামার এই ইঙ্গিত—শীত মৌসুম এ বছর স্বাভাবিকের তুলনায় কিছুটা আগে এবং তীব্রভাবেই হাজির হতে পারে বলে ধারণা জোরদার করেছে।