ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবার ভোটের সময় আগের তুলনায় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, এবং যাচাই–বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে, আর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
সিইসি বলেন, নির্বাচনকে “সুষ্ঠু ও গ্রহণযোগ্য” করার লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি ও পোস্টাল ভোট ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এবার সংসদ নির্বাচনে ব্যালট থাকবে সাদা–কালো রঙে, আর গণভোটের ব্যালট হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :