প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়ন বিষয়ে গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতের এক বার্তায় তিনি বলেন, এই তফসিল “বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক”, যা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশের নতুন অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে। তাঁর মতে, নির্বাচন ও গণভোট জনগণের মতামতকে কেন্দ্রস্থলে নিয়ে আসবে এবং “নতুন বাংলাদেশের ভিত্তিকে শক্তিশালী করবে।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব “স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে” পালন করবে। তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সব প্রয়োজনীয় সহায়তা দেবে।

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও নাগরিকদের উদ্দেশে তিনি নির্বাচন ও গণভোটকে “জাতীয় ঐক্যের উদ্যোগ” হিসেবে গ্রহণের আহ্বান জানান। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্ত পরিবেশ—তার মতে—আগামী দিনগুলোকে স্থিতিশীল করবে।

বার্তার শেষে তিনি বলেন, “বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে। সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে সক্ষম হবো।”