হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে পূর্বাভাস নয়: চিকিৎসক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

ঢাকা—গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। অন্তত ৭২ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে কোনো স্পষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান হাসপাতালটির মেডিক্যাল সার্ভিসেস পরিচালক ডা. আরিফ মাহমুদ। তিনি বলেন, হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা উদ্বেগজনক। “এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না; প্রয়োজন হলে পর্যবেক্ষণের সময় আরও দীর্ঘ হতে পারে,” বলেন তিনি।

ডা. আরিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির রয়েছে। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনও কার্যকর আছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।