ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, চিকিৎসক দল এবং হাদির পরিবারের সঙ্গে জরুরি আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসা প্রয়োজন।
সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত প্রস্তুতিও শেষ হয়েছে। হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানানো হয়েছে।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে হামলায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সরকার তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে এবং দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে।
আপনার মতামত লিখুন :