অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাটি চালিয়েছে বাবা ও ছেলে—যা দেশটিকে নতুন করে নাড়া দিয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্যমতে, রোববার সন্ধ্যায় ‘হানুক্কা বাই দ্য সি’ অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান ২৪ বছর বয়সী নাভিদ আকরাম ও তার ৫০ বছর বয়সী বাবা। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। হামলায় বহু শিশু, পরিবার ও পর্যটক আহত হয়েছেন।
ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, এক হামলাকারী পথচারী সেতু থেকে গুলি চালাচ্ছিলেন। পুলিশের গুলিতে আহত হয়ে তিনি নিচে পড়ে যান। অন্যজন তখনও নিচে দাঁড়িয়ে ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পবেল প্যারেড এলাকায় প্রায় ১০ মিনিটে অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়।
পুলিশ জানায়, নাভিদ আকরাম সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা। হামলার আগে তিনি মাকে জানিয়েছিলেন, মাছ ধরতে যাচ্ছেন। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তার বাবা ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সিডনির শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ব্রিটিশ বংশোদ্ভূত রাব্বি এলি শ্ল্যাঙ্গারও রয়েছেন।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, “অস্ট্রেলিয়ায় ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।” তিনি হামলার জন্য দায়ীদের পূর্ণ জবাবদিহির আশ্বাস দেন।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাকারীদের একজন আগে তাদের নজরে থাকলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ছিলেন না।
সূত্র: ডেইলি মেইল
আপনার মতামত লিখুন :