বিজয় দিবসের প্রাক্কালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ধুয়ে-মুছে রং ও আলোকসজ্জায় নতুন করে সাজানো হয়েছে পুরো প্রাঙ্গণ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। শহীদ বেদী ও গণকবর পরিষ্কার করা হয়েছে, চারপাশে বসানো হয়েছে ফুলের টব ও লাল–সবুজের সাজ।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, আলোকসজ্জা, লেক সংস্কার ও শ্রদ্ধা নিবেদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
নিরাপত্তা বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :