মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে তিনি স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের পর ড. ইউনূস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বেজে ওঠে করুণ সুর।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়। ঢাকার পুরোনো বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট ছয়টি গান থেকে ৩১ বার তোপধ্বনি দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়।
প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :