ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।” তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক, তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে।
প্রধান উপদেষ্টা জানান, গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসা ও নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “পরাজিত ফ্যাসিস্ট শক্তির অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করা হবে। ভয়, সন্ত্রাস বা রক্তপাত দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।” একই সঙ্গে তিনি সংযম বজায় রাখতে এবং গুজবে কান না দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।
বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা থেকেই একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা জনগণের অংশগ্রহণে সফল পরিণতির দিকে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :