খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং সার্বিকভাবে অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা ধীরে ধীরে উন্নতির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

ডা. জাহিদ দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভোগা খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।