বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সরকার শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর তিনি শপথ নেবেন।
সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার অনুপস্থিতিতে ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে বিচারিক আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন। চলতি বছরের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর শিক্ষা নেন তিনি। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সুবাদে তার নিয়োগকে দেশের বিচারব্যবস্থায় ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :