দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশে ফেরার যাত্রা শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার, ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তাঁর যাত্রা নির্ধারিত।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা ও রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ।
তবে গত ১৬ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান নিজেই দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বার্থ ও দলের মর্যাদার কথা বিবেচনা করে সবাই যেন শৃঙ্খলা বজায় রাখেন। তাঁর ভাষায়, এই অনুরোধ উপেক্ষা করলে তা ব্যক্তিগত স্বার্থের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হবে।
২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।
আপনার মতামত লিখুন :