তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন ডা. জুবাইদা ও জাইমা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার সঙ্গে একই ফ্লাইটে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান—দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে পরিচালিত বিজি–২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানসহ ছয়জনের জন্য টিকিট কেনা হয়েছে। এই তালিকায় রয়েছেন তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান একই ফ্লাইটে থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া নিজস্ব অর্থে বিজনেস ক্লাসের টিকিট কেটে আরও কয়েকজন নেতা একই ফ্লাইটে যাত্রা করছেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাদের একটি অংশ ইকোনমি ক্লাসে থাকবেন। সব মিলিয়ে ফ্লাইটটিতে ৫০ জনের বেশি যাত্রী থাকার কথা।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, তারেক রহমান পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন; অন্যরা নিজ উদ্যোগে একই ফ্লাইটে যাচ্ছেন।

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে প্রস্তুতি চলছে। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মঞ্চ পরিদর্শন শেষে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, অনুষ্ঠানে উপস্থিতির পরিসর অনুমানের বাইরে হতে পারে এবং নিরাপত্তা ইস্যুতে সরকারকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।