ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সহজ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের জামানত জমা ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে সুবিধা নিশ্চিত করতেই ব্যাংকগুলো খোলা থাকবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীদের জন্য জটিলতা তৈরি হতে পারত বলে জানিয়েছে কমিশন।
ইসি সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটি কার্যকর হলো।
আপনার মতামত লিখুন :