রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির অষ্টম তলার ছাদে থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘন কালো ধোঁয়ায় গুলিস্তান ও জিরো পয়েন্টের আশপাশের এলাকা ঢেকে যায়। আতঙ্কে নিচতলার দোকানপাট থেকে ব্যবসায়ী ও ক্রেতারা দ্রুত ভবন ছেড়ে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঘনবসতিপূর্ণ এলাকা ও রাস্তায় মানুষের ভিড়ের কারণে শুরুতে পানি সংগ্রহে কিছুটা সমস্যা হলেও আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিকেল পৌনে ছয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :