শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর বের হয়। তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়; শাহবাগ দিকেও ব্যারিকেড দেওয়া হয় এবং পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।