ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর সর্বনিম্ন ৭–৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি সরবরাহ করা সম্ভব হবে। “নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন আছে,” বলেন তিনি, যোগ করেন যে নির্ধারিত কক্ষও প্রস্তুত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি এনআইডির জন্য আবেদন করবেন তারেক রহমান। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডি নিবন্ধনের আবেদন করবেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।
আপনার মতামত লিখুন :