মনোনয়ন ফরম সংগ্রহ, ঢাকা–১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বেলা ১১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে বগুড়া–৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল।

দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর ঢাকা–১৭ আসনের ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান। একই সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে রাজধানীর এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এদিকে ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার খবরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন দেখা গেছে। সম্মান জানিয়ে ভোলা–১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, যিনি ২০০৮ সালে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।