ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে নৃশংস হত্যা, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা উদ্বেগজনক। তিনি ওড়িশা, বিহার ও কেরালাসহ বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার উদাহরণ তুলে ধরেন।
মুখপাত্র আরও বলেন, বড়দিন উপলক্ষে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশ ঘৃণাজনিত ও লক্ষ্যভিত্তিক অপরাধ হিসেবে দেখছে। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, যা সবারই পালন করা উচিত।
আপনার মতামত লিখুন :