সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করা হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, ভারতের মন্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত বর্ণনা বাংলাদেশ গ্রহণ করবে না।
বিবৃতিতে আরও বলা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়নের ধারণা তৈরির চেষ্টা চলছে, যা বাস্তবতার প্রতিফলন নয়। ভারতের পক্ষ থেকে যে ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে, তিনি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত অবস্থায় তার মৃত্যু হয়; সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
বাংলাদেশ সরকার এ ধরনের বক্তব্য ছড়িয়ে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে না দিতে ভারতের সংশ্লিষ্ট মহলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এতে দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আপনার মতামত লিখুন :