তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। আরও কয়েকজন সদস্য বৈঠকে যোগ দিতে পথে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।