খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ কিংবা ভারী সামগ্রী সঙ্গে নিতে পারবেন না।

মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হওয়ায় সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। জানাজা শেষে আনুমানিক বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

উল্লেখ্য, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুবারের বিরোধীদলীয় নেতা।

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজার দিন বুধবার সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।