তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে জাতীয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলোতেও মানুষের অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।
বার্তায় আরও জানানো হয়, জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে সমাহিত করা হবে। দাফনকালে পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।


আপনার মতামত লিখুন :