ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভেন্যু পরিবর্তনের আলোচনা চললেও দল গঠনে বড় চমক এসেছে—বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার জাকের আলী।
দলটির নেতৃত্বে থাকছেন লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান। পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ, যিনি সাম্প্রতিক আইএল টি–টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্সের হয়ে চোখে পড়ার মতো পারফরম্যান্স করেন। আয়ারল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা এই পেসারকে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচকরা।
ফর্মে থেকেও জায়গা হয়নি শান্তর, যদিও বিপিএলের শুরুতে তার ব্যাটিং আলোচনায় ছিল। একই সঙ্গে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচকরা জানিয়েছেন, বিপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে ৩১ জানুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ থাকবে। এরপর যেকোনো বদলে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।
বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে দুটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।
বাংলাদেশের ঘোষিত স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :