ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এনইআইআর চালুর বিরোধিতা ও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড় অবরোধ করে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
প্রথম দফায় ছত্রভঙ্গ হয়ে ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নিলেও পরে আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে দ্বিতীয় দফায় পুলিশ কঠোর ব্যবস্থা নেয়।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ছাড়াও র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :