চার দিনের সফরে আগামী ১১ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জানিয়েছে, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক এবং নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
দলটির পক্ষ থেকে জানানো হয়, সফরসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে আগেই আবেদন জানানো হয়েছে।
সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে যাত্রা করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপি জানায়, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
আপনার মতামত লিখুন :