ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ। দেশটির একাধিক শহরে অবস্থিত বাংলাদেশি উপদূতাবাসে পর্যটক ভিসা কার্যক্রম সংকুচিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বর্তমানে সীমিত রাখা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভিসা প্রদান বন্ধ করা হয়েছিল। ফলে বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন থেকেই ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভিসা ইস্যু করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশি উপদূতাবাসগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার থেকেই পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। তবে বাণিজ্যিকসহ অন্যান্য ধরনের ভিসা কার্যক্রম চালু রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশটির চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটে। এর জেরে ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা কেন্দ্রগুলো চালু হলেও মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।