মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সার্বিক দায়িত্ব নিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে নিহত মুসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানিয়ে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের আজীবন প্রয়োজনীয় সব দায়িত্ব দলীয়ভাবে বহন করবে বিএনপি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনবিরোধী শক্তির পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা গণতন্ত্র ও নির্বাচন চায় না, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অপশক্তির সহিংসতায় গণতান্ত্রিক প্রক্রিয়া থামিয়ে দেওয়া যাবে না।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। আহত অবস্থায় তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।