নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কদমরসুল এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বয়লার কক্ষে বিস্ফোরণ হলে এর তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষের কাচ ভেঙে যায়। এ সময় সেখানে কর্মরত আটজন শ্রমিক দগ্ধ ও কাচের আঘাতে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মো. হান্নান, মো. মঞ্জুর, মো. হাবিব, মো. রাকিবুল, মো. খোরশেদ, তারেক ও ফেরদাউস; অপর একজনের পরিচয় জানা যায়নি। তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে শঙ্কামুক্ত। এদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :