ইরানের বিক্ষোভকারীদের ‘আল্লাহর শুত্রু’ ঘোষণা, মৃত্যুদণ্ডের হুমকি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। এ অভিযোগে সক্রিয় বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

শনিবার (তারিখ উল্লেখিত) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানের ১৮৬ নম্বর ধারার আওতায় ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণকারীদের ‘মোহারেব’ ঘোষণা করা হবে। এ ধারায় ‘আল্লাহর শত্রুদের’ একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভের পেছনে মূল কারণ অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের অবমূল্যায়নে ইরানি রিয়েল বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ইরানি রিয়েল লেনদেন হচ্ছে। এর ফলে ভয়াবহ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হওয়া আন্দোলন অল্প সময়ের মধ্যেই দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। দিন দিন তীব্র হয়ে ওঠা বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।

বিক্ষোভ দমনে সরকার রাজধানীসহ বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস (আইআরজিসি) নামানো হয়। এ সময় সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: এএফপি