ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২৪০০ ছাড়াল, হাজারো গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

সরকারবিরোধী বিক্ষোভে ইরানজুড়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১২ জন ১৮ বছরের কম বয়সী শিশু রয়েছে। একই সময়ে ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায় এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক কর্মকর্তা বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করেন, যা ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম বড় ধরনের স্বীকারোক্তি। তবে তেহরান দাবি করেছে, প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী তৎপরতায় জড়িত’ একটি অংশ দায়ী।

ক্রমবর্ধমান প্রাণহানি ও গণগ্রেপ্তারের ঘটনায় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও তীব্র হচ্ছে।