ইরানকে সরাসরি বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাঁর নেই। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
পাকিস্তানি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, বুধবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো বার্তায় ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি যুদ্ধ চান না এবং ইরান যেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার মতো কোনো পদক্ষেপ না নেয়।
রাষ্ট্রদূত আরও জানান, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে এবং সরকার এ বিষয়ে আলোচনায় বসেছে। তবে একই সময়ে কিছু সশস্ত্র গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডের কথাও তিনি উল্লেখ করেন।
এদিকে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছে সৌদি আরব ও তুরস্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সম্ভাব্য উত্তেজনার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও সহযোগিতার আহ্বান জানান।
অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ। আঞ্চলিক পরিস্থিতি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :