ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, একটি দল নির্বাচনের আগে ‘বেহেশতের টিকিট’ দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং মুসলমানদের শিরকের পথে ঠেলে দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ধর্মীয় প্রশ্নোত্তরের মাধ্যমে বলেন, বেহেশত ও দোজখসহ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, কোনো মানুষের তা দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং এসব প্রতিশ্রুতি ধর্মীয়ভাবে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।
তিনি বলেন, যারা এ ধরনের কথা বলছে তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, ধর্মীয় বিশ্বাস নিয়েও ছলচাতুরি করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের মানুষ ইতোমধ্যে কার ভূমিকা কী ছিল তা জেনে গেছে।
বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কুফরি, হটকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে শামিল হতে হবে।
আপনার মতামত লিখুন :