ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা–৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জুরাইন কবরস্থানে প্রয়াত বাবা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মাধ্যমে দিনটি শুরু করেন তিনি।
পরে বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে প্রচারণা শুরু করে সূত্রাপুরসহ বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে প্রতীক ধানের শীষে ভোট চান ইশরাক। বাংলাবাজার বইয়ের মার্কেটে আয়োজিত পথসভায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এলাকার সন্তান হিসেবেই তিনি ভোটারদের সামনে এসেছেন এবং একটি সুযোগ প্রার্থনা করছেন।
পথসভায় ইশরাক হোসেন বলেন, ঢাকা–৬ আসনে গ্যাস সংকট, যানজট, জলাবদ্ধতা ও বিভিন্ন ধরনের দূষণের কারণে জনজীবন বিপর্যস্ত। এসব সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে পরিকল্পিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
আপনার মতামত লিখুন :