আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে জানুয়ারি মাসে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি বছরের প্রথম মাসে দেশে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
রোববার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের অতিরিক্ত ব্যয় মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন, ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব তৈরি হয়েছে। এর আগে ডিসেম্বরে এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার এবং সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড হয় গত বছরের মার্চে, ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ পাচার ও হুন্ডি কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা বর্তমানে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে প্রায় ২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :